অবৈধ ৫,৭০০ অভিবাসীকে রোয়ান্ডায় পাঠিয়ে দিতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাশ করার পর অভিবাসীদের সংখ্যা প্রকাশ্যে আসে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুয়ান্ডা নীতিগতভাবে ইতোমধ্যেই যুক্তরাজ্যে ৫,৭০০ অভিবাসীকে গ্রহণ করতে সম্মত হয়েছে।
অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে ২০২২ সালের এপ্রিলে আফ্রিকার দেশ রোয়ান্ডায় সঙ্গে ২৭২ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে যুক্তরাজ্য। চুক্তির আওতায় পাঁচ বছরে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রোয়ান্ডা।
এরইমধ্যে চুক্তির আওতায় রোয়ান্ডার অর্থনৈতিক উন্নয়নে ২২ কোটি পাউন্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে যুক্তরাজ্য। এছাড়া বছরে ৫ কোটি পাউন্ড করে আগামী ৩ বছরে অতিরিক্ত ১৫ কোটি পাউন্ড পরিশোধের কথা আছে।
স্বাস্থ্য সচিব ভিক্টোরিয়া অ্যাটকিনস মঙ্গলবার বলেন, ‘‘আমরা দ্রুতই কাজটি শেষ করতে পারব।’’
পাস হওয়া বিলটিতে রুয়ান্ডাকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নিরাপদ দেশ হিসেবে উল্লেখ করে সুনাক বলেন, ‘‘১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ফ্লাইটগুলো রোয়ান্ডার উদ্দেশে রওনা করবে।’’
তবে বিশেষজ্ঞদের ধারণা, এক্ষেত্রে আইনি এবং লজিস্টিক জটিলতা দেখা দিতে পারে।
রোয়ান্ডা সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘‘যুক্তরাজ্য থেকে আসা আশ্রয়প্রার্থীদের রোয়ান্ডায় কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হবে। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হলো ২০২৩ সালে বিশ্বব্যাংকের দেওয়া তথ্যমতে দেশটিতে সার্বিক বেকারত্বের হার ১৫% এবং তরুণদের বেকারত্বের হার ২০%-এর বেশি।’’
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মনে করেন, ‘‘অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় আসা বন্ধ করতে এই বিল পাসের ঘটনা যুগান্তকারী।’’
তিনি বলেন, ‘‘আমি প্রথম ফ্লাইটের পথ পরিষ্কার করতে যা যা প্রয়োজন, তা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটাই আমরা করেছি। এখন ফ্লাইটগুলো যেন রওনা করতে পারে, তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।’’



