ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভারতের মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে “অসত্য ও অগ্রহণযোগ্য” বলে নিন্দা জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায় বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি বলেন, “আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি। ইসলামের শত্রুরা সব সময় আমাদের ইসলামি উম্মাহর একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে।”
খামেনির এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “আমরা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে দেওয়া মন্তব্যকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই মন্তব্যগুলো অসত্য ও অগ্রহণযোগ্য।”
ভারত বলেছে, “এটি তথ্যবিহীন ও ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা।”



