যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ১৫ বছর বয়সী কিশোরী শিক্ষার্থীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী কিশোরীও। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। এর আগে এ গটনায় তিনজন নিহতের খবর জানা গিয়েছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিক্ষক ও একজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। আহতের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, নিজের ছোড়া গুলিতে নিহত হয় ওই কিশোরী। ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে। গুলি চালানো কিশোরী নিজেও ক্লাসে উপস্থিত ছিল। স্থানীয় পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস জানিয়েছেন, হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।
ঘটনার প্রতিক্রিয়ায় উইসকনসিনের গভর্নর টনি ইভার্স এক বিবৃতিতে বলেছেন, “আমরা শিশু শিক্ষার্থী, শিক্ষক এবং অ্যাবানড্যান্ট লাইফ স্কুলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষায় আছি এবং ফার্স্ট রেস্পন্ডারদের প্রতি কৃতজ্ঞ যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।”
অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুল একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং তাদের ওয়েবসাইট অনুসারে কিন্ডারগার্টেন থেকে হাইস্কুল পর্যন্ত প্রায় ৩৯০ জন শিক্ষার্থী রয়েছে।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৮৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৭টি কলেজ ক্যাম্পাসে ও ৫৬টি স্কুল ক্যাম্পাসে। এসব হামলায় মোট ৩৮ জন নিহত ও অন্তত ১১৫ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেনকে উইসকনসিনের স্কুলে গোলাগুলির ঘটনা অবহিত করা হয়েছে।



