Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জার্মান টিকটকার নোয়েল রবিনসন ভারতে আটক

বেঙ্গালুরু পুলিশ জানায়, জননিরাপত্তার বিঘ্নিত হওয়ায় নোয়েলকে আটক করা হয়

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:০২ পিএম

রাস্তায় নাচা-নাচি করে টিকটক ভিডিও বানানোর সময় অনুমতি না থাকার অভিযোগে বেঙ্গালুরুতে আটক হয়েছেন জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বুধবার (৩০ জুলাই) ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরে রাস্তায় নেচে ভিডিও ধারণ করার সময় নোয়েলের চারপাশে বিশাল ভিড় জমে যায়। এসময় জননিরাপত্তার বিঘ্নিত হওয়ায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিনসনকে প্রায় ১৫ মিনিটের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে ব্যস্ত রাস্তায় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার জন্য তাকে জরিমানা করা হয়।

নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন নোয়েল। ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ অফিসার তাকে একটি পুলিশ গাড়িতে তোলার সময় তার মাথা গাড়ির দরজায় লেগে যাচ্ছিল।

নোয়েল রবিনসন পরে ইনস্টাগ্রামে জানান, তিনি নিরাপদে আছেন। তিনি বলেন, “এই প্রথম আমাকে পুলিশ স্টেশনে নেওয়া হলো। আমি ভয় পেয়েছিলাম যে, তারা আমাকে জেলে পাঠাবে, কিন্তু ভাগ্যক্রমে সবকিছু ঠিক ছিল। আমি নিরাপদ আছি। আমি ভারতকে ভালোবাসি।”

এই অভিজ্ঞতার পরেও রবিনসন তার ভক্তদের আশ্বস্ত করে বলেন, “সবকিছু ঠিক আছে। এমন ঘটনা যেকোনো দেশেই ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “বন্ধুরা, মন খারাপ করো না। এমনটা যেকোনো দেশেই ঘটতে পারে। এটা শুধু ভারতের বিষয় নয়। এমন একটি ছোট ঘটনা ভারতের প্রতি আমার ভালোবাসা কমিয়ে দেবে না।”

প্রসঙ্গত, এর আগে আরেক জার্মান টিকটকার ইউনেস জারুকেও বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ভিডিও করার সময় আটক করেছিল স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছিল।

নোয়েল সম্প্রতি বাংলাদেশেও এসেছিলেন। বেশ কয়েকজন শোবিজ তারকা এবং সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সারদের সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে টিকটক ভিডিও তৈরি করেছিলেন।

প্রসঙ্গত, নোয়েল রবিনসন জার্মান টিকটক তারকা, কনটেন্ট ক্রিয়েটর এবং নৃত্যশিল্পী। বিশ্বজুড়ে রয়েছে তার বিশাল সংখ্যক ফ্যান-ফলোয়ার। ২০০১ সালে জন্ম নেওয়া রবিনসন নাইজেরিয়ান বংশদ্ভুত। তবে তিনি জার্মান মায়ের কাছে বড় হয়েছেন। প্রাণবন্ত নাচের ভিডিও, বিশেষ করে হুডের নিচে থেকে তার আফ্রো চুলের স্টাইল দেখানোর বিশেষ কৌশল, ফ্রি স্টাইল ও হিপ-হপ কোরিওগ্রাফির জন্য তিনি বিখ্যাত হয়েছেন।

   

About

Popular Links

x