Wednesday, November 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

তীব্র রাগ ও মানসিক চাপ থেকে যেভাবে হার্ট অ্যাটাক হয়

‘একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে’, এমন না ভেবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

প্রিয় দলের খেলা দেখার টানটান উত্তেজনা, কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ, পারিবারিক কলহ কিংবা প্রিয়জনের আকস্মিক মৃত্যুর মতো মানসিক আঘাতের পর অনেকেরই বুক ধড়ফড় বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। চিকিৎসকদের মতে, তীব্র রাগ, উত্তেজনা কিংবা মানসিক চাপ থেকে সত্যিই হার্ট অ্যাটাক হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই হৃদ্‌রোগের ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে এই মানসিক চাপ হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক উদ্দীপক হিসেবে কাজ করে।

বিশেষজ্ঞরা জানান, মানুষ যখন প্রচণ্ড রেগে যায়, ভয় পায় কিংবা তীব্র মানসিক চাপের মুখোমুখি হয়, তখন শরীরে ‘ফাইট অর ফ্লাইট’ বা জরুরি প্রতিক্রিয়া শুরু হয়। এ সময় শরীরে অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ হঠাৎ বেড়ে যায়। ফলে হৃৎস্পন্দন দ্রুত হয়, রক্তচাপ বাড়ে এবং হার্টের অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়।

সুস্থ হার্ট সাধারণত এই পরিবর্তনগুলো সহজেই সামলে নিতে পারে। তবে হার্টের রক্তনালিতে আগে থেকেই চর্বি জমে সরু হয়ে থাকলে এই বাড়তি অক্সিজেনের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। এছাড়া তীব্র মানসিক চাপের কারণে রক্তনালির ভেতরে জমে থাকা চর্বির আবরণ ফেটে রক্ত জমাট বাঁধতে পারে। এর ফলে রক্তপ্রবাহ হঠাৎ বন্ধ হয়ে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে। অর্থাৎ, রাগ বা উত্তেজনা নিজে থেকে হৃদ্‌রোগ সৃষ্টি না করলেও পূর্বের লুকিয়ে থাকা সমস্যাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তোলে।

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে জার্মানিতে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, দেশটির জাতীয় দলের খেলার দিনগুলোতে হৃদ্‌যন্ত্রের জরুরি সমস্যার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ। বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদ্‌রোগ ছিল, তাদের মধ্যে এই ঝুঁকি বেশি দেখা গেছে।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, অতিরিক্ত ওজন এবং যাদের পরিবারে অল্প বয়সে হৃদ্‌রোগের ইতিহাস রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। অনেক সময় করোনারি ধমনিতে নীরবে রোগ বাসা বাঁধলেও তা বোঝা যায় না, আর তীব্র মানসিক চাপ সেই সুপ্ত অবস্থাকে বিপজ্জনক করে তোলে।

প্রিয়জনের মৃত্যু, সম্পর্কে বিচ্ছেদ কিংবা কোনো ভয়ংকর সংবাদ শোনার পর তীব্র মানসিক আঘাত থেকে অনেক সময় ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ বা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। এতে হার্ট অ্যাটাকের মতো বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলেও রক্তনালিতে কোনো বড় ব্লক পাওয়া যায় না। তবে হৃদ্‌যন্ত্রের পাম্প করার ক্ষমতা সাময়িকভাবে কমে যায়। সঠিক চিকিৎসায় রোগীরা সুস্থ হয়ে উঠলেও এটি বেশ গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা রাগ, উত্তেজনা ও মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। উত্তেজিত অবস্থায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ সময় নেওয়া, ধীরে শ্বাস নেওয়া এবং পরিস্থিতি শান্তভাবে মোকাবিলার পরামর্শ দিয়েছেন তাঁরা। পাশাপাশি নিয়মিত রক্তচাপ, শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান বর্জনের তাগিদ দেওয়া হয়েছে।

রাগ বা মানসিক চাপের পর বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব কিংবা হাত, পিঠ, ঘাড় ও চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়লে তা হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে গণ্য করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে ‘একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে’, এমন ধারণা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

   

About

Popular Links

x