স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ), বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কর্মকাণ্ড বাস্তবায়নসহ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানিয়ে সংগঠনটির এই বিশেষ শাখার যাত্রা শুরু হয়। ৩০ জুলাই স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন হিসেবে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই কমিটি গঠন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে নবগঠিত বিএসএফআইসি শাখার সভাপতি এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সদর দপ্তরের মহাব্যবস্থাপক (পরিদর্শন ও তদন্ত) মো. আকুল হোসেন এবং সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপক (আইন ও সম্পত্তি) আশরাফ সিদ্দিক (আপেল) জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে দেশের চিনি শিল্পের সার্বিক উন্নয়নে তারা কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন। কেন্দ্রীয় নেতৃদ্বয় আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএসএফআইসি-এর নবগঠিত এই শাখা একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। এ সময় তারা বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. আনোয়ারুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রতনসহ করপোরেশন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



