Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন 

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

সমাজের প্রত্যেকটি স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের অধিকার ফিরিয়ে দিতে অত্যন্ত স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (৩১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা জনগণের ভোটে নির্বাচিত। সবাই মিলে অত্যন্ত স্বচ্ছতার সাথে জনগণের রায় নিয়েছি। কাজেই আমাদের অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।” 

তিনি বলেন, “আগের আমলে নির্বাচনের সময় ডিসি, ইউএনও ও ওসিদের বিপুল অঙ্কের টাকা দেওয়া হতো। ইউএনওকে ন্যূনতম ৫০ লাখ থেকে এক কোটি টাকা, থানার পরিধি অনুযায়ী ওসিকে এবং ডিসিকেও বিপুল অর্থ দেওয়া হতো। সব মিলিয়ে তখন ঘুষ ও দুর্নীতির মহারণ্য তৈরি হয়েছিল। এবার একটি নির্বাচন হয়েছে, কেউ কি ১০ টাকা পেয়েছেন? আমি কাউকে ১০ টাকা দিইনি, কেউ চায়ওনি।’’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘জনগণের অধিকার ফিরিয়ে দিতে কোনো ধরনের আর্থিক বা অনৈতিক সুবিধা নেওয়া যাবে না। অতীতে চাকরি হারানোর ভয় দেখিয়ে কিংবা অন্য কোনোভাবে কর্মকর্তাদের ওপর অনৈতিক সুবিধা গ্রহণের চাপ সৃষ্টি করা হয়েছে। সেই দিন এখন শেষ হয়েছে। সবাইকে ঈমান, সততা ও পবিত্রতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’’ 

স্বাস্থ্যখাত সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আগামী তিন বছরের মধ্যে দেশের স্বাস্থ্যখাতকে বিশ্বের যেকোনো দেশের তুলনায় উন্নত পর্যায়ে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালে উন্নতমানের খাবার নিশ্চিত করা এবং রোগীদের সাথে ডাক্তার ও নার্সদের সুন্দর ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।’’ 

বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘‘মানিকগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’’ 

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, পুলিশ সুপার গোলাম সারোয়ার আলম, জেলা তথ্য অফিসার নূর হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার রওশন আরা। 

এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x