সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে যাত্রা শুরু হয়েছে হাইওয়ে পুলিশের নতুন ইউনিট ‘‘হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন’’-এর।
গত ১ সেপ্টেম্বর থেকে পুলিশের এ ইউনিট কাজ শুরু করেছে। নতুন এই ইউনিটের প্রধান পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। এর আওতায় রয়েছে ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেল।
হাইওয়ে থানাগুলো হলো-ভরাডোবা হাইওয়ে থানা, শ্যামগঞ্জ হাইওয়ে থানা, বকশীগঞ্জ হাইওয়ে থানা ও নান্দাইল হাইওয়ে থানা। একজন পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপারসহ সর্বমোট ১৫২ জন জনবল নিয়ে যাত্রা শুরু করেছে এ ইউনিট।
পুরো ময়মনসিংহ বিভাগের হাইওয়ের শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে এ ইউনিট।
বিভাগে সদ্য নিযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খানের সার্বিক তত্ত্বাবধানে জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। সময়ের সাথে সাথে জনবল ও লজিস্টিক বৃদ্ধি পাবে এবং কাজের পরিধিও বাড়বে। ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক গড়তে নিবেদিত থাকবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।
নতুন ইউনিটের যাত্রায় তিনি অংশীজনদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।
পুলিশ সুপার রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে সুনাম ও দক্ষতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট খাতে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে।



