Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতীয় পণ্যসহ ৩ নারী অনুপ্রবেশকারী আটক

সাতক্ষীরার শ্যামনগর থেকে তাদের আটক করেছে কোস্টগার্ড

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৯:১৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ তিনজন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (১৫ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিনজন নারীকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃতদের সঙ্গে থাকা সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

আটককৃতরা হলেন শাহনেওয়াজ বেগম (৩৯), রোজিনা খান (২৬) ও জুলি (২৮)। আটককৃত শাহনেওয়াজ বেগম ভারতের গুজরাটে এবং রোজিনা ও জুলি বেঙ্গালুরুতে বসবাস করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

কোস্টগার্ড জানিয়েছে, আটককৃত তিন নারী বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছেন। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অনুপ্রবেশকারীদের জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক।

   

About

Popular Links

x