চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে ঢাকার ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মঙ্গলবার কোস্ট গার্ড স্টেশন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।’’
তিনি আরও বলেন, ‘‘জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এর নিকট হস্তান্তর করা হয়।’’
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির মিডিয়া কর্মকর্তা।



