Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে শুটিংয়ে গিয়ে যেভাবে ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা

এক্সে দেওয়া এক পোস্টে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান এই তথ্য জানান

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:২১ পিএম

জনপ্রিয় মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল শেখ।

শনিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তুর্কি আল-শেখ জানান, সৌদি আরবে একটি সিনেমার শুটিং চলাকালে এসপোসিতো ইসলাম গ্রহণ করেন। পরে একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে তিনি নামাজও আদায় করেন। এ ঘটনার একটি ভিডিওও শেয়ার করেন তিনি।

৬৮ বছর বয়সী জিয়ানকার্লো এসপোসিতো বর্তমানে অ্যাকশনধর্মী সিনেমা ‘৭ ডগজ’-এর শুটিংয়ের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। সিনেমাটিতে মিসরের জনপ্রিয় অভিনেতা আহমেদ ইজ ও করিম আবদেল আজিজসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা অভিনয় করছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানকালে মুসলিম সম্প্রদায়ের আতিথেয়তা, সংস্কৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা এসপোসিতোর ওপর প্রভাব ফেলেছে। তিনি মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শুটিংয়ের অভিজ্ঞতাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

জিয়ানকার্লো এসপোসিতোর অভিনয় ক্যারিয়ার পাঁচ দশকের বেশি সময়ের। মাত্র আট বছর বয়সে ব্রডওয়ের ‘ম্যাগি ফ্লিন’ মিউজিক্যালে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়।

পরবর্তীতে তিনি  ‘ডু দ্য রাইট থিং’, ‘স্কুল ডেজ’,  ‘মো বেটার ব্লুজ’ ‘ম্যালকম এক্স’ -এর মতো সিনেমায় অভিনয় করেন।

তবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পান জনপ্রিয় টেলিভিশন সিরিজ ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিঞ্জ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। শান্ত ও মার্জিত চেহারার আড়ালে ভয়ংকর মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রক এই চরিত্রটি টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত খলচরিত্র হিসেবে বিবেচিত হয়।

   

About

Popular Links

x