সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদ-উল-আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়। খবর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এক প্রতিবেদনে জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে আর ৬ জুন উদযাপিত হবে ঈদ-উল-আজহা।
উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদ-উল-আজহা উদযাপন করে থাকে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদ উদযাপন হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও ব্রুনাইতে ৭ জুন ঈদ উদযাপিত হবে।



