Tuesday, September 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাস্তায় পড়ে থাকা আম কুড়ালেই গুনতে হবে জরিমানা

এমন কঠোর আইন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

রাস্তায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে নিলেও গুনতে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুরি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকার সমান। সিঙ্গাপুরের এমন কঠোর আইন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিঙ্গাপুরপ্রবাসী ভারতীয় নাগরিক প্রিয়াঙ্কা সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দেশটিতে সরকারি জায়গায় লাগানো গাছ এবং সেসব গাছের ফল রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ থেকে ফল পাড়া কিংবা মাটিতে পড়ে থাকা ফল কুড়িয়ে নেওয়াও আইনত দণ্ডনীয় অপরাধ।

তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে অনেক ভারতীয় ব্যবহারকারী সিঙ্গাপুরের এই আইনের সঙ্গে নিজেদের দেশের পরিস্থিতির তুলনা করেন। কেউ কেউ মন্তব্য করেন, ভারতে রাস্তার পাশের ফল সাধারণ মানুষ সহজেই সংগ্রহ করেন, তাই এমন আইন সেখানে বাস্তবায়ন করা কঠিন।

সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি জমিতে থাকা গাছ ও তার ফল রাষ্ট্রের সম্পদ। এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ন্যাশনাল পার্কস বোর্ড।

দেশটির পার্কস অ্যান্ড ট্রিস অ্যাক্ট অনুযায়ী, সরকারি পার্ক থেকে অনুমতি ছাড়া ফল সংগ্রহ করলে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হতে পারে। আর কোনো সংরক্ষিত প্রাকৃতিক এলাকা বা জাতীয় উদ্যানে একই অপরাধ করলে জরিমানা বেড়ে সর্বোচ্চ ৫০ হাজার সিঙ্গাপুরি ডলার হতে পারে। পাশাপাশি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী জানতে চান, পোষা প্রাণী যদি ফল কুড়িয়ে আনে, সেক্ষেত্রেও কি আইন প্রযোজ্য হবে? জবাবে আরেক ব্যবহারকারী জানান, সিঙ্গাপুরের আইনে পোষা প্রাণীর কর্মকাণ্ডের দায় মালিকের ওপর বর্তায়। ফলে পোষা প্রাণীর মাধ্যমে ফল সংগ্রহ করা হলেও তার দায় মালিককেই বহন করতে হবে।

পরিচ্ছন্নতা, সরকারি সম্পদের সুরক্ষা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে সিঙ্গাপুরের কঠোর আইন বিশ্বজুড়ে পরিচিত। দেশটির কর্তৃপক্ষের মতে, কঠোর আইন প্রয়োগের কারণেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল দেশ হিসেবে পরিচিতি ধরে রাখতে সক্ষম হয়েছে।

   

About

Popular Links

x