ধূমপান নিঃসন্দেহে অত্যন্ত ক্ষতিকর। অনেকেই আছেন, যার চেষ্টা করেও ধূমপানের আসক্তি ছাড়তে পারছেন না। যারা দীর্ঘদিন ধরে ধূমপানে আসক্ত, তাদের পক্ষে হঠাৎ ধূমপান ছেড়ে দেওয়া কঠিন হয়ে পড়ে। এমন অনেকেই আছেন যারা পরিবার, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মী এমনকি, চিকিৎসকের নিষেধ উপেক্ষা করে এ অভ্যাস চালিয়ে যাচ্ছেন।
তবে, যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য রমজান মাস বেশ ভালো একটি সুযোগ। রমজান মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য ধূমপান থেকে বিরত থাকতে হয়, আর এই অনুশীলনই হতে পারে ধূমপান পুরোপুরি ছেড়ে দেওয়ার অনুপ্রেরণা।
যদি আপনি ধূমপান ছাড়ার চেষ্টা করতে চান তবে নিচের টিপসগুলো আপনাকে সহায়তা করবে-
যিনি ধূমপান ত্যাগ করার চেষ্টা করছেন তিনি রমজান মাসজুড়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যেমন: আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ইফতার বা সেহরির খাবার তৈরিতে সহায়তা করা এবং বেশি ইবাদাত করা। এসব কাজ তাকে ব্যস্ত রাখতে সাহায্য করে যা ধূমপান ছাড়তে সহায়ক।
বেশি বেশি পানি পান, ইফতারের পর হাঁটতে যাওয়া এবং এমন মানুষ যারা ধূমপান করে তাদের এড়িয়ে চলা। এ বিষয়গুলো আপনাকে সাহায্য করতে পারে।
রোজা রাখার বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে। এর পাশাপাশি রয়েছে মানসিক প্রশান্তি। আপনার পুরো মাসে ধূমপানের পেছনে যে টাকা ব্যয় হয়, রোজার মাসে সেই টাকা দান করা বা কোনো অসহায়কে সাহায্য করার জন্য মনস্থির করুন। এতে বাড়তি মানসিক প্রশান্তি পাশাপাশি ধূমপান ছাড়ার অনুপ্রেরণা বাড়বে।
ধূমপান ত্যাগ করা সহজ বিষয় নয়। এটি ছাড়তে হলে একজনের অবশ্যই একটি দৃঢ়সংকল্প এবং পরিকল্পনা দরকার। আর এই প্রক্রিয়া শুরু করার জন্য রমজান মাস আপনার জন্য বাড়তি সুযোগ।



