অনলাইনে অর্ডার করা খাবার ডেলিভারি দিতে এসে জুতো চুরি করে বিপাকে পড়েছেন এক তরুণ। চুরি করে সঁটকে পড়লেও তার গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
ঘটনা ভারতের রাজধানী দিল্লিতে। মনিকা খন্না নামে এক তরুণী অনলাইনে কিছু শুকনো খাবার অর্ডার করেছিলেন। সেই খাবার ডেলিভারি দিতে আসা তরুণ দরজার সামনে রাখা মনিকার জুতো নিয়ে চলে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রাহকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় সময় রাত আটটার দিকে খাবার ডেলিভারি দিতে আসা তরুণ মনিকার দরজার সামনে এসে দাঁড়ান। তারপর কলিংবেলে হাত রাখেন। মনিকা সে সময় বাসায় ছিলেন না। কয়েকবার বেল বাজানোর পর তার বাসার অন্য এক সদস্য এসে সেটি গ্রহণ করেন। এরপর ওই তরুণ লিফটে ওঠে যান। তবে কিছুক্ষণ পরই তিনি আবার ওই দরজার সামনে আসেন। তারপর চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিচু হয়ে দরজার সামনে থাকা একজোড়া জুতো হাতে তুলে নেন। তারপর নিজের জ্যাকেটের চেইন খুলে জুতো জোড়া লুকিয়ে ফেলেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরে মনিকা বাড়ি ফেরেন। প্রথমে জুতো চুরির বিষয়টি তিনি খেয়াল করেননি। একটি দাওয়াতে যাওয়ার জন্য বের হতে গিয়ে দেখেন, জুতো নেই। বিকেলে বেরোনোর সময়ও দরজার সামনেই জুতো জোড়া দেখে যান। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখেন। সেখানেই দেখা যায় প্রকৃত ঘটনা।
তবে জুতো চুরির জন্য থানায় কোনো অভিযোগ করেননি মনিকা। ওই ডেলিভারি বয় যে অনলাইন সংস্থার কর্মী, সেখানে মেইল করে একটি লিখিত অভিযোগ করেছেন শুধু।



