কেনাকাটা করতে সবারই ভালো লাগে। তবে, সমাজে এরকম একটি বিষয় প্রচলিত আছে যে, পুরষের চেয়ে নারীদের কেনাকাটা করতে বেশি ভালো লাগে। আর নারীদের কেনাকাটা করতে সময়ও বেশি লাগে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বেড়েছে অনলাইনে কেনাকাটার হার। এক্ষেত্রেও প্রচলিত ধারণা যে, অনলাইনেও কেনাকাটায় নারীরা এগিয়ে।
তবে এক গবেষণা বলছে ভিন্নকথা। সম্প্রতি এক সমীক্ষার ভিত্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইআইএম আমদাবাদ বলছে, নারীরা নন; বরং পুরুষরা অনলাইন কেনাকাটায় খরচ বেশি করে।
ভারতের ২৫টি রাজ্যের ৩৫ হাজার ব্যক্তি এই সমীক্ষায় অংশ নেন। আইআইএমএ সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন (সিডিটি) “ডিজিটাল রিটেল চ্যানেল অ্যান্ড কনজিউমারস: দ্য ইন্ডিয়ান পারস্পেকটিভ” নামে গবেষণা প্রতিবেদনটি শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।
সমীক্ষায় দেখা গেছে, পুরুষরা অনলাইন কেনাকাটায় নারীদের তুলনায় ৩৬% বেশি খরচ করে। পুরুষেরা মোট ৪৭% খরচ করে পোশাক কেনাকাটায়, ৩৭% খরচ করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ২৩% খরচ করে বৈদ্যুতিক যন্ত্র কেনাকাটার পেছনে।
অন্যদিকে, নারীরা মোট ৫৮% খরচ করে পোশাক কেনাকাটায়, ২৮% খরচ করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় আর ১৬% খরচ করেন বৈদ্যুতিক যন্ত্র কেনাকাটার জন্য।
তবে সমীক্ষায় দেখা গেছে, অনলাইনে কেনাকাটা করতে পুরুষরা সময় কম ব্যয় করে। পুরুষেরা গড়ে ৩৪.৪ মিনিট অনলাইনে কেনাকাটা করতে ব্যয় করে, সেখানে নারীরা গড়ে ৩৫ মিনিট ব্যয় করে।
তবে অনলাইনে কেনাকাটা করলেও বেশিরভাগ ভারতীয় নগদেই কেনাকাটা করতে পছন্দ করে। সমীক্ষা বলছে, প্রায় ৮৭%% মানুষ অনলাইনে কেনাকাটায় “ক্যাশ অন ডেলিভারি” পছন্দ করে।



