প্রাণিজগতে মানুষের মতো অন্যান্যদের দাঁত ব্রাশ করার অভ্যাস নেই। প্রকৃতিতে বেঁচে থাকা প্রাণীদের দাঁত সুস্থ ও পরিষ্কার রাখার দায়িত্ব যেন প্রকৃতিই নিজ হাতে নিয়ে নিয়েছে। মানুষের দাঁতের যত্নের প্রয়োজনীয়তার পেছনে রয়েছে তাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরন, যা অন্য প্রাণীদের ক্ষেত্রে একেবারেই ভিন্ন।
বিশেষজ্ঞদের মতে, প্রাণীদের দাঁত ব্রাশের প্রয়োজন না হওয়ার প্রধান কারণ তাদের প্রাকৃতিক খাদ্যাভ্যাস। বন্য প্রাণীরা মূলত প্রাকৃতিক খাবার খায়, যা তাদের দাঁতের ওপর জমে থাকা ময়লা বা প্লাক দূর করতে সাহায্য করে। মাংসাশী প্রাণীরা শিকার করার সময় হাড় চিবিয়ে দাঁত পরিষ্কার করে নেয়। আবার তৃণভোজী প্রাণীরা ঘাস, পাতা বা ছাল চিবিয়ে দাঁতের প্রাকৃতিক যত্ন নেয়। এছাড়া প্রাণীদের লালার মধ্যে এমন কিছু উপাদান থাকে যা জীবাণু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।
মানুষের খাদ্যাভ্যাস প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরশীল হওয়ায় দাঁতে প্লাক জমা ও ক্ষয়ের ঝুঁকি বেশি। তাছাড়া প্রাণীদের দাঁতের গঠন এবং মুখের ভেতরে খাবার জমে থাকার সম্ভাবনাও মানুষের তুলনায় কম। তবে পোষা প্রাণীদের ক্ষেত্রে এই নিয়ম পুরোপুরি প্রযোজ্য নয়। মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে মিল রেখে পোষা প্রাণীদেরও প্রক্রিয়াজাত খাবার খাওয়ানো হয়, যা তাদের দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে।
তাই অনেক সময় পোষা প্রাণীদের দাঁতের যত্ন নিতে হয়। প্রাণিজগতে দাঁতের যত্নের এই স্বাভাবিক ব্যবস্থাপনা প্রকৃতির এক অনন্য উদাহরণ। তবে মানুষের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত দাঁত ব্রাশ করার প্রয়োজনীয়তা কখনোই অস্বীকার করা যায় না।



