Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু ঠেকাতে অভিনব উদ্যোগ, মশা ধরে দিলেই নগদ অর্থ পুরস্কার মিলবে যেখানে

কেউ পাঁচটি জীবিত বা মৃত মশা জমা দিতে পারলেই পাবেন পুরস্কার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ পিএম

দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশ প্রাণঘাতী ফিলিপাইনে প্রাণঘাতী ডেঙ্গুবাহী মশার প্রকোপ বেড়েই চলেছে। এ অবস্থায় ফিলিপাইনের সবচেয়ে জনবহুল নগরকেন্দ্রগুলোর একটির কর্তৃপক্ষ মশা ধরা কিংবা মারার জন্য পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসে এ পুরস্কার ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সেখানে কেউ পাঁচটি জীবিত বা মৃত মশা জমা দিতে পারলেই পাবেন নগদ অর্থ পুরস্কার। সেখানে ডেঙ্গুতে দুজন শিক্ষার্থীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

এ বিষয়ে বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কারলিটো সার্নাল বলেন, “কেউ পাঁচটি মশা জমা দিতে পারলেই এক পেসো (স্থানীয় মুদ্রা) পুরস্কার পাবেন।”

তিনি আরও বলেন, “জীবিত কিংবা মৃত মশা জমা দিলে মিলবে পুরস্কারের অর্থ। মশার লার্ভা জমা দিলেও পুরস্কার দেওয়া হবে। পরে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা নির্মূল করা হবে।”

রাস্তা পরিষ্কার রাখা ও ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার বংশবিস্তারে সহায়ক পানি জমে থাকার জায়গা নষ্ট করার মতো বিদ্যমান ব্যবস্থার পরিপূরক হিসেবে জীবিত বা মৃত মশার বিনিময়ে পুরস্কারের ব্যবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানান এই গ্রামপ্রধান।

এদিকে, ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) বিবিসিকে জানিয়েছে, ডেঙ্গুর বিরুদ্ধে লড়তে স্থানীয় প্রশাসনের নির্বাহীদের সদিচ্ছা প্রশংসাযোগ্য।

ডিওএইচ বলছে, এ বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপাইনে ২৮,২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ৪০% বেশি।

   

About

Popular Links

x