Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁদ-শুক্র-শনি গ্রহের তৈরি বিরল ‘হাসিমুখ’ দেখা যাবে ২৫ এপ্রিল

নাসা জানিয়েছে, সূর্যোদয়ের ঠিক আগে আকাশে পূর্ব দিগন্তের কাছে এটি দেখা যেতে পারে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পিএম

সূর্যোদয়ের আগে দিগন্তের কাছাকাছি শুক্র, শনি ও অর্ধচন্দ্র একসঙ্গে মিলে আকাশে একটি “হাসিমুখ” আকৃতি তৈরি করবে। আগামী শুক্রবার (২৫) এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আকাশে এ বিরল দৃশ্য দেখা যাবে।

লাইভসায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, নাসার মহাকাশ পর্যবেক্ষকদের পূর্বাভাসে বলা হয়েছে, পৃথিবীর আকাশে ঘটতে চলেছে এক বিরল “ট্রিপল কনজাংকশন”। ২৫ এপ্রিল ভোররাতে শুক্র, শনি ও বাঁকা চাঁদ সূর্যোদয়ের আগে আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যাবে। তারা একত্রে একটি ত্রিভুজাকৃতি রূপ ধারণ করবে, যা অনেকটা একটি “হাসিমুখের” মতো দেখাবে।

নাসা জানিয়েছে, সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তের কাছে এটি দেখা যেতে পারে। উভয় গ্রহই উজ্জ্বল এবং খালি চোখে সহজেই দেখা যায়। যাদের দৃষ্টি স্পষ্ট, তারা দিগন্তের কাছাকাছি চকচকে তিনটি গ্রহের নিচে বুধ গ্রহকেও দেখতে পাবেন। তবে বড় গ্রহগুলোর তুলনায় বুধ খুব নিচুতে অবস্থান করবে। ফলে এটি সব স্থান থেকে দৃশ্যমান নাও হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যম ক্যানসাস টিভি স্টেশনকে নাসা সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন বলেন, “শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পূর্ব আকাশে এই ‘হাসিমুখ’ দেখা যাবে। সূর্যোদয় ঘটবে এর প্রায় এক ঘণ্টা পর।”

তিনি বলেন, “পাতলা, অর্ধচন্দ্রাকৃতির চাঁদ হাসির মতো দেখাবে। কিছু মানুষের চোখে উজ্জ্বল বস্তুগুলোর ত্রিভুজটি একটি হাস্যোজ্জ্বল মুখের মতো মনে হতে পারে।”

তিনি আরও বলেন, “এই দৃশ্য দেখতে হলে পূর্ব আকাশ পরিষ্কারভাবে দেখার সুযোগ থাকতে হবে।”

কালবার্টসন জানান, ভেনাস পূর্ব দিগন্ত থেকে আরও ওপরে, স্যাটার্ন নিচে এবং একটি চিকন অর্ধচন্দ্রাকৃতি চাঁদ কিছুটা নিচে একটু উত্তর দিকে রয়েছে।

উল্লেখ্য, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় কনজাংকশন মানে হলো, দুই বা ততোধিক মহাজাগতিক বস্তুকে আকাশে খুব কাছাকাছি অবস্থানে দেখতে পাওয়া। যখন তিনটি বস্তুর একত্রে সংযোগ ঘটে, তখন সেটি হয় ট্রিপল কনজাংকশন।

   

About

Popular Links

x