বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়।”
রবিবার (৩ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে রাজধানী ঢাকার শাহবাগে ছাত্রদলের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘‘সবার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেজন্য আগে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সঙ্গে আছে, আগামীতেও থাকবে। গত দেড় দশকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী হতাহত হয়েছেন। হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। পলাতক স্বৈরাচার নির্ষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি। গণ-অভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলের ২ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতা-কর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।’’ এসময় একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ছাড়াও আরও অন্তত দুইটি ভাষা শিক্ষার সুযোগ রাখার পরিকল্পনা জানান।
এসময় ‘‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”- এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতা-কর্মীকে আহ্বান জানান তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শাহবাগে সমাবেশ করছে ছাত্রদল।



