Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুন্নু: নির্বাচনে অংশ নেওয়া ভুল হয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই

‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি’

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পিএম

বিগত নির্বাচনগুলোতে অংশ নেওয়া নৈতিকভাবে ভুল হয়ে থাকলে সে ক্ষেত্রে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেছেন, “জাতীয় পার্টির একাংশের মহাসচিব মুজিবুর রহমান চুন্নু বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি‘‘। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে সেজন্য দেশবাসীর কাছে ক্ষমা চাই।”

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে দলটির দশম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, “গত প্রায় চার বছর ধরে আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আছি। ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যে সমস্ত ভুলভ্রান্তি ছিল, সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলব, আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময়ে অনেকে আমাদের বিভিন্নভাবে কটূক্তি করেন। বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারের সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন।”

তিনি বলেন, “আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব বলেন, “জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করা দল। জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্র মানা মডার্ন ডেমোক্রেটিক পার্টি। আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়মকানুন মেনে আমরা কাজ করব। সে জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকারসহ সবার কাছ থেকে সহযোগিতা চাই।”

জাতীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

   

About

Popular Links

x