বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম।
গতকাল রবিবার (১০ আগস্ট) রাজশাহীর পাঠানপাড়া এলাকায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।
আবদুস সালাম বলেন, ‘‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালান্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’’
৫ আগস্টের পরের পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘আমাদের নেতার এক নির্দেশে সারাদেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন, তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা।’’
জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম বলেন, ‘‘জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন। ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দিবেন।’’



