বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের বিতর্কিত বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। তারা বলেছেন, এনসিপির শীর্ষ নেতাদের নিয়ে অপমানজনক মন্তব্য করায় অবিলম্বে ক্ষমা চাইতে হবে ও বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় ২৪ ঘণ্টার মধ্যে তাকে কিশোরগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
বুধবার (১৩ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, “ফজলুর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন বিএনপিতে থেকে তার বক্তব্যেও সেই রাজনৈতিক ধারার প্রতিফলন ঘটছে।”
ইকরাম আরও বলেন, “গত রবিবার এক অনুষ্ঠানে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাকে সম্মান দেই, কিন্তু এমন বক্তব্য অগ্রহণযোগ্য। তাই তাকে বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি।”
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা মামলা হয়রানিমূলক বলে দাবি করা হয়। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামী ন্যারেটিভের মামলায় তাদের টার্গেট করা হতে পারে।
অনুষ্ঠানে ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূইয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।



