Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা প্রধান সমন্বয়কারীকে অযোগ্য জানিয়ে এনসিপির ১৫ নেতা-কর্মীর পদত্যাগ

শেরপুরের নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অযোগ্য ও অগ্রহণযোগ্য বলে দাবি করেন তারা

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

শেরপুরের নকলায় এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন। তারা নতুন ঘোষিত এই কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করে জানান, নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অযোগ্য ও অগ্রহণযোগ্য।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পদত্যাগকারী নেতা-কর্মীরা এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম প্রথম আলো।

পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য। তারা হলেন- যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন আর সদস্যরা হলেন- দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

তারা জানান, তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তারা নকলা উপজেলা সমন্বয় কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার বিষয়টিও উল্লেখ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ অবস্থায় আত্মবিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বকারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এছাড়াও এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটি থেকে আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’’

এ বিষয়ে দলটির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, ‘‘পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেছি। এ নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গেও কথা হয়েছে। আমরা জেলা কমিটি এ বিষয়ে বসব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

   

About

Popular Links

x