বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে “দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা” বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
সোমবার (২৫ আগস্ট) বেলা ২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বরকতউল্লা বুলু বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, ‘তুমি যেভাবে হোক তোমার দুটি নাবালক সন্তানকে পালিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাও। ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে মাফ করে দিয়ো’।”
তিনি বলেন, “এই চিঠি পাওয়ার পর বেগম জিয়া অনেক কষ্টে ঢাকায় এলেন, সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন। কিন্তু পাক হানাদার বাহিনী তাঁকে খুঁজতে খুঁজতে ১৯৭১ সালের ২২ জুলাই দুই সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেখানে তিনি বন্দী ছিলেন। কাজেই বেগম খালেদা জিয়াই হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা।”
প্রায় ৫০ মিনিটের দীর্ঘ বক্তব্যে বরকত উল্লাহ বুলু আরও বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন হবে। দৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিএনপি একদিকে আর বাংলাদেশের সকল ষড়যন্ত্রকারী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধের শক্তি, বিদেশি প্রভুদের দালাল আরেকদিকে।”
সংখ্যানুপাতিক (পিআর) ভোট ব্যবস্থাকে “মানুষকে বিভ্রান্ত করার কৌশল” বলে অভিহিত করেন বরকতউল্লা বুলু।
তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল ও ধর্ম ব্যবসায়ী এই প্রক্রিয়াকে সামনে এনে জনমনে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের কৌশল উপমহাদেশের কোথাও নেই।”
তিনি আরও বলেন, “যারা পিআর পদ্ধতির নামে ষড়যন্ত্র করছে, নির্বাচন বিলম্বিত করতে চায় বা বন্ধ করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।”
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ। এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের। উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্যসচিব সফিউল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ ও মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা প্রমুখ।



