নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের আজ রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি দল যদি ভায়োলেন্স চায়, সেটা আমাদের চেয়ে বেশি কেউ পারবে না ।
তিনি বলেন, “যদি গ্রেপ্তার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।”
শুক্রবার (২২ মে ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সহযোদ্ধাদের ওপর হামলা অব্যাহত থাকলে তারাও পাল্টা কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন বলে মন্তব্য করছেন এনসিপির এই মুখপাত্র।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।”
তিনি বলেন, “এই জেনারেশনের সঙ্গে ফাইট করার মতো ভুল তারেক রহমান করবেন না। আমরা সংঘাত চাই না, কিন্তু হামলা হলে চুপ করেও থাকব না।”
হুঁশিয়ারি দিয়ে আসিফ বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা এটিকে এই জেনারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব।”
এনসিপির এই মুখপাত্র দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
তিনি আরও বলেন, “দেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখা যাচ্ছে। ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে ফ্যাসিবাদী কায়দায়। রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সমালোচনাও নিয়মতান্ত্রিক উপায়ে থাকবে না।”
অনুষ্ঠানে এনসিপির অন্য নেতারাও বক্তব্য দেন।



নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ