জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
এনসিপি নেতাদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে একটি পক্ষ বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
এনসিপি নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে জানিয়েছেন, কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।



