Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

বিএনপি সরকারের যাত্রা শুরুর সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। বিএনপি সরকারের যাত্রা শুরুর সাড়ে তিন মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যগত জটিলতার কথা বলেছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে তিনি পদ থেকে অব্যাহতি নিচ্ছেন।

রাঙ্গামাটি থেকে বিএনপির মনোনয়ন পেয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।

প্রসঙ্গত, ৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন। তার বাবা সুবিমল দেওয়ান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।

দীপেন দেওয়ান ২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন। ২০১০ সালে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

   

About

Popular Links

x