Thursday, August 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার নিজের জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:৫৪ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সলিম উল্লাহ সেলিম জানান, রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বিরোধী পক্ষের প্রতি গঠনমূলক সমালোচনা করা উচিত এবং শালীন ভাষা ব্যবহার করতে হবে। একই সঙ্গে তিনি বিএনপির নেতাকর্মীদের জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুরের কোনো এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।

   

About

Popular Links

x