গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতা জজ মিয়াকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ওই কৃষকদল নেতা। পরে তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আরএকে সিরামিক কারখানার সামনে ওই নেতার নিজ কার্যালয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
কৃষকদল নেতা জজ মিয়া শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
হাসপাতালে চিকিৎসাধীন জজ মিয়া বলেন, “রাতে ব্যক্তিগত কার্যালয়ে বসে লোকজনদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে লেজার লাইটে আমাকে টার্গেট করে। এরপর আমাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”
ঘটনার পরপরই কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, “গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কেন, কি কারণে এবং কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



