Tuesday, September 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চোখের নিচে আঘাত পান ওসি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসিসহ (তদন্ত) অন্তত ১০জন আহত হয়েছে বলে জানা গেছে। ফলে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগরে জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ’র অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজম টাওয়ার এলাকা থেকে সপু’র নেতৃত্বে একটি গ্রুপের পূর্ব নির্ধারিত আনন্দ মিছিল কর্মসূচি ছিল। এ কারণে সকাল থেকে সেখানে জড়ো হতে শুরু করে নেতাকর্মীরা। 

এসময় সংসদ সদস্য শেখ আব্দুল্লাহ’র কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে মোটরসাইকেল ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। 

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে সকাল ১০টার দিকে শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কর্মসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। তার অভিযোগ, এমপির অনুষ্ঠান ছিল বিকেলে। কিন্তু এর আগেই যুবদল নেতা রনিসহ প্রায় ২০ জন এসে আমাদের কর্মসূচিতে জড়ো হওয়া নেতাকর্মীদের মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আল বারেকের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

পুলিশের সহকারী পুলিশ সুপার. মো. আনোয়ার পারভেজ বলেন, “দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আমাদের থানা টিম দ্রুত রেসপন্স করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চোখের নিচে কিছুটা আঘাত পান ওসি।”

   

About

Popular Links

x