জাতীয় পার্টির (জাপা) মধ্যে চলমান দ্বন্দ্ব দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, “রওশন এরশাদ আর জিএম কাদেরের মধ্যে চলমান বিরোধ অচিরেই মিটে যাবে। এটা দেবর-ভাবির সম্পর্ক, এর বেশি অবনতি ঘটবে না। চিকিৎসা নিয়ে বিদেশ থেকে দেশে আসলেই এখন যা চলছে, এটাও মিটে যাবে।”
সোমবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের দর্শনা এলাকার এরশাদ পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- জিএম কাদের বিরোধীদলীয় নেতা না হলে সংসদে যাবে না জাপা
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এবং রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। ১৫ নভেম্বর তিনি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর ২০ নভেম্বর রওশন এরশাদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক পৌর মেয়র আব্দুর রউফ মানিক।
তবে জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু কাউকেই দলীয় প্রতীক বরাদ্দ দিতে পারেন না বলে মন্তব্য করেছেন মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, “রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তিনি হবেন, যিনি লাঙ্গল প্রতীক পাবেন। লাঙ্গল প্রতীক নিয়ে আইনগত জটিলতা আছে, মামলা আছে। জাপার মহাসচিব চুন্নু সাহেব কাউকেই দলীয় প্রতীক বরাদ্দ দিতে পারেন না।”
আরও পড়ুন- জাপার কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে আরও ১২ নেতা
তবে দলের মহাসচিব কেন লাঙ্গল প্রতীক বরাদ্দ দিতে পারবেন না জানতে চাইলে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেননি রাঙ্গা।
তিনি দলের মঙ্গল চান উল্লেখ করে বলেন, “আমাকে যদি দলে ফিরিয়ে না-ও নেওয়া হয়, আগামী নির্বাচনে দলীয় মনোনয়নও দেওয়া না হয় তাতে আমার কোনো আপত্তি নেই। আমি দলের মঙ্গল চাই বলেই চলমান বিরোধের সমাধান চাই।”



