আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “নির্বাচিত সরকার কোনো দিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া, হাস্যকর।”
একইসঙ্গে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে উন্নয়ন সহযোগীদের দাবি যে জোরালো সেটিও জানান তিনি।
শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, “বিএনপি এবং অন্য বিরোধী দল, যারা সরকারের পদত্যাগের দাবি তুলেছে, তাদের জন্য এটি দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনো দিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-১৫ সালে বিএনপির সন্ত্রাস দেশবাসী দেখেছে। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবিলা করেছে। তাদের এই পদত্যাগের দাবি একটা হাস্যকর ব্যাপার। এটা কোনো দিনই বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, তারা সে পথে আসবে- এটাই আশা করি। বিএনপি দাবি করবে কীভাবে নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সবাই মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।”
মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানেন, এখানে সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নেই। তারা এটা খুব ভালো করে বুঝেছেন। তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার- এটি তারা বোঝেন না। তবে তারা বোঝেন দেশের আইন, দেশের সংবিধান। এর আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোরালো। প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন, তিনি সর্বাত্মক চেষ্টা করবেন একটি ভালো নির্বাচন করার।”



