Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিমন্ত্রী: সংবিধান মেনে আলোচনা হতে পারে

নৌপ্রতিমন্ত্রী বলেন, সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০২:২১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবিধানসম্মতভাবে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (২০ নভেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রানসিস্কো দ্যা আসিস বেনিতেজ সালাহের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদিকদের এসব কথা বলেন তিনি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নৌপ্রতিমন্ত্রী বলেন, “অবরোধ-হরতালের ঘোষণা আছে, বাস্তব চিত্রে নাই। উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমা হচ্ছে। ঢাকার উৎসব এক রকম। ঢাকার বাইরে একটু বেশি। নির্বাচনী এলাকার মানুষ আগ্রহ করে দেখছে তাদের এলাকায় কোন কোন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে।”

প্রতিমন্ত্রী বলেন, “সংসদ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন; অন্যসব নির্বাচন থেকে এটি আলাদা। এতে মানুষের আগ্রহ আছে। যথাসময়ে নির্বাচন হবে। এটিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যারা নির্বাচন করবে না বা নির্বাচন বাদ দিয়ে গেল; তারা নির্বাচন থেকে ছিটকে যাবে। আলোচনা হতে পারে; তবে সেটি সংবিধানসম্মত হতে হবে।”

বাংলাদেশ স্পেনের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশে মিলিটারি ও পুলিশ সেক্টরে কাজ করছে। বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ চারটি দেশের মধ্যে স্পেন অন্যতম। এছাড়া বাংলাদেশের এগ্রিকালচার ও পাওয়ার সেক্টরেও স্পেন কাজ করছে। প্রতিমন্ত্রী জানান, স্পেনের সঙ্গে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমঝোতার কথা বলে আসছেন মানবাধিকার র্মী, রাজনৈতিক বিশ্লেষক ও উন্নয়ন সহযোগী দেশগুলো। তবে দেশের প্রধান দুই রাজনৈতিক দল শর্তহীন সংলাপে বসতে নারাজ। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে দেশের প্রধান তিন দলকে চিঠি দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সময় স্বল্পতার কারণে এখন আর সংলাপ সম্ভব নয়। অন্যদিকে বিএনপির শীর্ষনেতারা কারাগারে; কারাগারের বাইরে আছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাজপথেই সমস্ত সমস্যার সমাধান হবে।

তবে, কোনো সমাধান ছাড়া নির্বাচন করা হলে সহিংসতা আরও বাড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এক্ষেত্রে সরকারি দলকেই মুখ্য ভূমিকা রাখার কথা বলছেন তারা।

   

About

Popular Links

x