সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছিলেন, নির্বাচনে আনার জন্য বিএনপির নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি।
এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মতামত।”
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট তা বিনষ্ট করে; এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি বা কাউকে দেবে। এ ধরনের প্রস্তাব সরকার এবং দল দেয়নি।”
তিনি আরও বলেন, “এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি, আমাদের দলও দেয়নি। আমরা দলীয়ভাবে এ ধরনের প্রস্তাব দেইনি। আর বিএনপির ২০ হাজার নেতাকর্মী জেলে আছে এটাও তো আমরা স্বীকার করি না!”
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে দেশের ৪০ জন বুদ্ধিজীবীর দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “আগুন-সন্ত্রাস বন্ধের আহ্বান না জানিয়ে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তারা বিএনপির দালাল। এসব বুদ্ধিজীবী বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।”
ওবায়দুল কাদের জানান, ২৭টি দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে, প্রার্থী সংখ্যা ১,৮৮৬ জন। স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৫৭ জন। আগামী ২৭ ডিসেম্বর দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।



