Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফখরুল: একুশের চেতনা খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও তীব্রতর করবে

মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের সংগ্রামী মানুষ দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে আরও জোরালো ও তীব্রতর করবে’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২-র ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শ্রদ্ধা জানান।

বাণীতে মির্জা ফখরুল বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ দেশের সংগ্রামী মানুষ মৃতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবনসহ দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির আন্দোলনকে আরও জোরালো ও তীব্রতর করবে।”

বাণীতে মির্জা ফখরুল উল্লেখ করেন, “অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।”

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে জাতীয়তাবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা পায় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে জনগণের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে আবারও দখল করা ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে অবৈধ সরকার। চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে।”

   

About

Popular Links

x