Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তারেক রহমান: জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই

স্বৈরাচারকে বিদায় করেছি, অল্প লক্ষ্য পূরণ হয়েছে, সামনের বাকি পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে
  

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের যে আশা-প্রত্যাশা সেই আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকসহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, মূলত বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। আজ যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেককেই আমরা হারিয়েছি, অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন তাদের সবার আত্মত্যাগের প্রতি আমার গভীর শ্রদ্ধা। স্বৈরাচারকে বিদায় করেছি, অল্প লক্ষ্য পূরণ হয়েছে। আমাদের সামনে আরও অনেক পথ বাকি আছে। সেই পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকারও নিশ্চিত হবে।”

বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা যদি এই এলাকার দিকে তাকাই তাহলে আমরা সম্ভাবনাময় একটি এলাকা দেখতে পাই। সিরাজগঞ্জের নাম আসলেই সামনে ভেসে ওঠে তাঁত শিল্পের কথা। এই পেশার সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত। আমার ইচ্ছা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই তাঁতশিল্পের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ।”

তারেক রহমান আরও বলেন, “চৌহালীর চীনাবাদামকে ছড়িয়ে দেওয়া হবে। আমরা চেষ্টা করব এই চীনাবাদাম বিদেশে রপ্তানি করতে। সিরাজগঞ্জে সরিষাও বিদেশে রপ্তানির ব্যবস্থা নিতে হবে।” বাংলাদেশের রসুনও রপ্তানি করার আশা ব্যক্ত করেন তিনি। 

বিএনপির এই নেতা আরও বলেন, “যতদিন আমরা আমাদের মানুষের অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে সকল ফসল ঘরে না তুলতে পারি ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছিলাম যে মানুষগুলো আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনাদের প্রতি তাকিয়ে আছে, তাই দলের প্রত্যেকটি নেতাকর্মীদের সেভাবে প্রস্তুত করতে হবে।”

এর আগে স্মরণসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

   

About

Popular Links

x