টেবিলে বসে নয়, বাংলাদেশের সংস্কার সংসদে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি চলমান। সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারই টিকে থাকবে।”
তিনি বলেন, “রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল। কিন্তু গত ১৫ বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে ৩১ দফার বাস্তবায়ন হবে।”
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



