অন্তর্বর্তীকালীন সরকার দেশের ৫০ ভাগ মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘‘এটি কখনোই বাস্তবায়ন হবে না। (আসন্ন) নির্বাচনে যারা জয়ী হবেন, তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন। এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন, তারা তো এলিয়েন। তারা অন্য গ্রহ থেকে এসেছেন।’’
রবিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বর্ধিত সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, ‘‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া এই দেশের মঙ্গল হবে না। সুষ্ঠু নির্বাচন না হলে গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা না পেলে দেশে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, শুধু বেকারত্ব বাড়বে। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হলেও কেউ এখানে বিনিয়োগ করবে না।’’
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি বিষয়ে তিনি বলেন, ‘‘মার্কিন শুল্কনীতিতে (দেশের) রপ্তানি খাতের অবস্থা কেমন হবে, আমরা জানি না। আইএমএফ টাকা দেবে কিনা তাও পরিষ্কার নয়। এ অবস্থায় দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে রাস্তায় রাস্তায় লুটতরাজ চলবে। আপনি বেতন দিতে না পারলে পুলিশ অথবা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কথা শুনবে কেন?’’
এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, ‘‘সরকার একটি দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে। যেনতেনভাবে নির্বাচনে তাদের পাস করাবেন, তা কি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে? শেখ হাসিনা সবকিছু হাতে নিয়েও থাকতে পারল না, আপনারা কত দিন থাকতে পারবেন? যাদের নির্বাচন থেকে বাদ দেবেন, তারা ঘরে বসে আঙুল চুষবে?’’
তিনি আরও বলেন, ‘‘দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। সবাই মিলে আধপেট খেয়ে হলেও দেশ গড়তে হবে। আমরা সবাই একত্রিত হয়েছিলাম, বর্তমান সরকার জাতিকে দুটি ভাগে বিভক্ত করেছে, যেন দেশের অর্ধেক লোক বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে।’’



