হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকাণ্ডে চলছে আলোচনা-সমালোচনা। এ ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এবার এ ঘটনাকে “হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ।
ফেসবুকে হাসনাত লিখেছেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।”
এনসিপির এই শীর্ষনেতা আরও লিখেছেন, “ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”



