বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানী ঢাকার পল্লবীর বাউনিয়াবাধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন, “পতিত স্বৈরাচার গত ১৭ বছর অসাম্প্রদায়িকতার নামে তারা সাম্প্রদায়িকতাকে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের ওপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে এটাকে বিএনপির ওপর চাপিয়ে দিত।”
বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন- আপনাদের প্রত্যককে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের বাংলাদেশ; মানবিক বাংলাদেশ- সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই।”
বিএনপির একজন প্রতিনিধি হিসেবে পাশে থেকে কাজ করার ইচ্ছা প্রকাশ করে বিএনপির এই কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই-বন্ধু। আমি আপনাদের পল্লবী রূপনগরের ঢাকা-১৬ আসনের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। বিএনপির একজন প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। বিএনপি এ দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। বিএনপি জনগণের দল, জনগণের সহযোগিতা নিয়েই কাজ করতে চায় বিএনপি।”
এসময় উপস্থিত ছিলেন- সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মান কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ ইসলাম নীরব, সহ-সভাপতি মো. নাছির প্রমুখ।



