সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চের ওপর পড়ে গেছেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে দলটির জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় দুইবার ঢলে পড়েন তিনি।
বক্তব্য দেওয়ার একপর্যায়ে চোখেমুখে অস্বস্তি নিয়ে ঢলে পড়ে যান তিনি। এরপর মঞ্চে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে তুলে শুশ্রুষা করেন। এ সময় মাইকে জানানো হয় প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
কিছুক্ষণের মধ্যে জামায়াত আমির উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য দিতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা তার পাশেই দাঁড়িয়েছিলেন। তবে বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি ফের মাথা ঘুরে পড়ে যেতে থাকেন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। কিছুক্ষণ পর বসে মঞ্চে বক্তব্য দেন শফিকুর রহমান। তবে নেতাকর্মীদের অনুরোধে বক্তব্য সংক্ষিপ্ত করেন তিনি।
এরপর মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানান জামায়াত আমির। শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে।



