ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে জাতীয় স্বার্থে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান।
বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে। এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সবসময় প্রস্তুত।”
দলীয় সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেভাবে আমরা ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই তা অব্যাহত রাখতে হবে। আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
শেষে তিনি লেখেন, “ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।”




