২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের দেখতে সরকারের সব উপদেষ্টা মিলিয়ে যতবার গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তার চেয়ে বেশিবার গেছেন বলে জানিয়েছেন সারজিস আলম।
রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে একথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
“কয়েকটা আনপপুলার তথ্য দেই” শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনটি পয়েন্টে সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করেন সারজিস আলম।
এনসিপির এই নেতার ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
১. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে। যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।
২. সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।
৩. আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।



