Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলী রীয়াজ: জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা হবে

সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো দলগুলোর কাছে পাঠানো হচ্ছে 

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:৩৬ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ সম্পন্ন করে চূড়ান্ত জাতীয় সনদের খসড়ায় পৌঁছাতে চায় কমিশন। এ লক্ষে দ্বিতীয় ধাপের সংলাপে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলো মঙ্গলবার বা বুধবারের মধ্যেই দলগুলোর কাছে পাঠানো হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনায় মূল বিষয় ছিল- তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।

আলী রীয়াজ বলেন, “প্রত্যেক দলের মন্তব্য পেতে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঐকমত্য হওয়া বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সেইসঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনায় ঐকমত্য হওয়া অন্যান্য বিষয় যুক্ত করে আমরা ৩১ জুলাইয়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জাতীয় সনদের কাঠামোয় পৌঁছাতে চাই।”

তিনি আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কয়েকটি দলের নতুন প্রস্তাব এসেছে, সেগুলো সমন্বয় করে একটি সংযুক্ত প্রস্তাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটি দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি আমরা বিবেচনায় নিচ্ছি। এসবের ভিত্তিতে একটি সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করছি।”

সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে সংলাপ কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত দুই ধাপ মিলিয়ে ২০টি বিষয়ের ওপর আলোচনা হয়েছে এবং এর মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গঠিত হয়েছে বলে জানিয়েছে কমিশন।

   

About

Popular Links

x