Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান

নতুন চুক্তি অনুযায়ী প্রায় ৭৫ শতাংশ মালিকানা এখন মিত্তাল পরিবারের অধীনে

আপডেট : ০৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস এখন নতুন মালিকানাধীন। প্রায় ১৬৫ কোটি মার্কিন ডলার বা ২০ হাজার ২৫০ কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন ভারতের ইস্পাত সম্রাট লক্ষ্মী এন মিত্তাল ও তাঁর পরিবার এবং স্বনামধন্য ভ্যাকসিন ব্যবসায়ী আদর পুনাওয়ালা। 

রবিবার (৩ মে) এক যৌথ বিবৃতির মাধ্যমে এই ঐতিহাসিক মালিকানা বদলের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন চুক্তি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজির সিংহভাগ অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ মালিকানা এখন মিত্তাল পরিবারের অধীনে। অন্যদিকে আদর পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ শেয়ার। বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে বিক্রেতা মনোজ বাদালে তাঁর কিছু অংশ ধরে রেখেছেন এবং তিনি আগের মতোই রয়্যালস বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৬৫ কোটি ডলারের এই চুক্তির আওতায় কেবল আইপিএলের মূল দলই নয়, বরং দক্ষিণ আফ্রিকার ‘পার্ল রয়্যালস’ এবং ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ‘বার্বাডোস রয়্যালস’ এই তিনটি ফ্র্যাঞ্চাইজির পূর্ণ মালিকানা নতুন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত হচ্ছে।

রাজস্থান রয়্যালসকে নিজের করার পর লক্ষ্মী এন মিত্তাল আবেগঘন বিবৃতিতে জানান যে তিনি ক্রিকেটকে ভালোবাসেন এবং যেহেতু তাঁর পরিবারের শিকড় রাজস্থানে, তাই এই দলের মালিক হতে পারাটা তাঁর কাছে বিশেষ আবেগের। অন্যদিকে আদর পুনাওয়ালা রাজস্থান রয়্যালসের দীর্ঘমেয়াদি বিকাশে বিনিয়োগ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। বিক্রেতা মনোজ বাদালে মিত্তাল ও পুনাওয়ালাকে স্বাগত জানিয়ে বলেন যে ক্রিকেটের প্রতি তাঁদের গভীর অনুরাগ ও উচ্চাকাঙ্ক্ষা দলটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আকাশচুম্বী মূল্যের তালিকায় রাজস্থান রয়্যালসের এই চুক্তি নতুন মাত্রা যোগ করেছে। গত মার্চেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৭৭ কোটি ডলারে কিনে নিয়েছিল মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। রাজস্থানের এই বিশাল চুক্তি আবারও প্রমাণ করল ভারতের অর্থনীতিতে আইপিএলের প্রভাব কতটা শক্তিশালী। বিসিসিআই-এর তথ্য অনুযায়ী আইপিএল প্রতি বছর ভারতীয় অর্থনীতিতে কয়েক বিলিয়ন ডলার যোগ করছে।

২০০৮ সালে কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম শিরোপা জিতেছিল রাজস্থান। এরপর ১৮ বছর কেটে গেলেও আর কোনো শিরোপার স্বাদ পাওয়া হয়নি তাদের। তবে চলতি মৌসুমে বৈভব সূর্যবংশীর মতো উদীয়মান তারকাদের নিয়ে দলটি বেশ ছন্দে রয়েছে। বর্তমানে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে তারা। শীর্ষ থাকা পাঞ্জাব কিংসের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। সমর্থকদের প্রত্যাশা নতুন মালিকদের হাত ধরে রাজস্থান রয়্যালস শীঘ্রই সেই কাঙ্ক্ষিত দ্বিতীয় শিরোপার দেখা পাবে।

   

About

Popular Links

x