বিশ্বকাপের শুরুতেই নিজের সামর্থ্যের আরেকটি উজ্জ্বল প্রমাণ দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিয়েছেন, ৩৯ বছর বয়সের কাছাকাছি পৌঁছেও তিনি কতটা ভয়ংকর ও কার্যকর।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর ফুটবল বিশ্বজুড়ে চলছে প্রশংসার বন্যা। এবার সেই তালিকায় যোগ দিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও। গোল্ডেন বুটের দৌড়ে নিজের নাম থাকলেও তিনি নির্দ্বিধায় মেসিকেই এগিয়ে রেখেছেন।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর গোল্ডেন বুটের লড়াইয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন মেসি। তাঁর সঙ্গে রয়েছেন এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং নরওয়ের আরলিং হালান্ড। প্রথম ম্যাচে এই তিনজনই জোড়া গোল করেছেন। তবে চারজনের মধ্যে সেরা কে এমন প্রশ্নে এমবাপ্পের উত্তর ছিল স্পষ্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি এই তারকা বলেন, “মেসি এই চারজনের মধ্যে সেরা। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে সেরাদেরও সেরা, ঠিক যেমন ক্রিস্টিয়ানো রোনালদো।”
মেসির ধারাবাহিকতা ও দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বেরও প্রশংসা করেন এমবাপ্পে। তিনি বলেন, “গত ১৫ বছরেরও বেশি সময় ধরে মেসি অসাধারণ মান ধরে রেখেছে। অন্যদের নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সেসব সাংবাদিক ও সমর্থকদের বিষয়। আমি শুধু নিজের খেলায় মনোযোগ দিতে চাই।”
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও সেই আসরে ব্যক্তিগতভাবে দারুণ সফল ছিলেন এমবাপ্পে। সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডেন বুট। তবে তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।
এমবাপ্পে বলেন, “আমি জানতাম মেসি গোল করবে, কারণ সে সব সময়ই সেটা করে। হয়তো সে আমার চেয়ে এগিয়ে, কিন্তু আমি দলের জন্য গোল করতে চাই। রেকর্ড ভাঙা সম্ভব, তবে আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা।”
বিশ্বকাপের “আই” গ্রুপে আজ রাতে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি এমবাপ্পের আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচ। বিশেষ এই উপলক্ষেও ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
ফরাসি অধিনায়ক বলেন, “জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই গর্বের। বিশ্বকাপে ১০০তম ম্যাচ খেলাটা অবশ্যই স্মরণীয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় নিশ্চিত করা।”



