Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ম্যাচের আগে নেইমারকে নিয়ে সুখবর দিলেন কার্লো আনচেলত্তি

হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি পরিচিত প্রশ্ন, ভিনিসিয়ুস জুনিয়র ও নেইমার কি একসঙ্গে মাঠে নামবেন? ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির মন্তব্যে মিলেছে তেমনই ইঙ্গিত। এই তারকা জুটিকে একই সঙ্গে ব্রাজিলের জার্সিতে খেলতে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

নরওয়ের বিপক্ষে ম্যাচের কোনো একটি সময়ে এই দুজনকে একসঙ্গে দেখা যাবে কি না, ইতালিয়ান কোচ আনচেলত্তিকে সরাসরি এমন প্রশ্ন করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। আনচেলত্তি বলেন, “নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি তারা একসঙ্গে খেলবে।”

সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুসের পজিশন পরিবর্তন ও বর্তমান ফর্ম নিয়েও কথা বলেন কোচ। তিনি জানান, ভিনি দীর্ঘদিন ধরেই তার খেলার পজিশনে বৈচিত্র্য আনছেন, যা রিয়াল মাদ্রিদের পর এখন জাতীয় দলেও দেখা যাচ্ছে। আনচেলত্তির ভাষায়, “সে (ভিনি) খুব ভালো করছে এবং প্রতিপক্ষকে সবসময় সংশয়ে রাখছে। উইং থেকে যেমন সে অ্যাসিস্ট করতে পারে, তেমনি নিজেও অনেক গোল করতে সক্ষম।”

উল্লেখ্য, বিশ্বকাপের ঠিক আগে কাফ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তাকে বেঞ্চেই বসে থাকতে হয়। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরলেও খেলেছেন মাত্র শেষ ১৫ মিনিট।

পরবর্তী ম্যাচে জাপানের বিপক্ষে তাকে মাঠের পাশে গা গরম করতে দেখা গিয়েছিল। কোচের পরিকল্পনা ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির একমাত্র গোলে নির্ধারিত সময়েই ব্রাজিলের জয় নিশ্চিত হওয়ায় আর মাঠে নামা হয়নি এই পোস্টার বয়ের। তবে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনি-নেইমার জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় এখন ফুটবলপ্রেমীরা।

   

About

Popular Links

x