২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলোর গণ্ডি পেরোতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের চার দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের হতাশার কথা জানান তিনি।
বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ ষোলোতে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। ফলে ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ব্রাজিলের।
টুর্নামেন্টজুড়ে চোটে জর্জরিত ছিল ব্রাজিল। শুরুতেই স্কোয়াড থেকে ছিটকে যান রদ্রিগো ও এস্তেভাও। পরে রাফিনিয়া ও লুকাস পাকেতাও ইনজুরিতে পড়েন। এতে আক্রমণভাগের বড় দায়িত্ব এসে পড়ে ভিনিসিয়ুসের কাঁধে।
রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করলেও শেষ ষোলোতে দলকে পরাজয় থেকে রক্ষা করতে পারেননি।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ভিনিসিয়ুস লিখেছেন, ‘‘বিশ্বকাপের আরেকটি হতাশাজনক অধ্যায়ের পর কী লিখব, বুঝে উঠতে পারছিলাম না। কয়েকটা দিন সময় নিয়ে নিজেকে সামলে তারপর কথা বলছি।’’
তিনি আরও বলেন, ‘‘জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এই আসরের জন্য আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম। আপনাদের এবং আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমরা আরও অনেক দূর যেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি।’’
সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ভিনিসিয়ুস বলেন, ‘‘আমি সবাইকে হতাশ করেছি, এজন্য দুঃখিত। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্রাজিলকে আবারও বিশ্বসেরার আসনে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাব।’’



