লিওনেল মেসির ক্যারিয়ারে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ) তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টরেট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে এই আর্জেন্টাইন কিংবদন্তিকে।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলবেন মেসি। সেদিন ম্যাচের আগে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি মেসির এই অর্জনের পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “পরিসংখ্যান বা মাঠের পারফরম্যান্সের বাইরেও মেসির ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে। তিনি একজন বিনয়ী, পরিশ্রমী এবং আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক।”
তিনি আরও বলেন, “খেলার মাঠ ছাপিয়ে তার প্রভাব ও গুরুত্বকে স্বীকৃতি জানাতেই আমাদের এই উদ্যোগ। ক্রীড়াজগতের মাধ্যমে তিনি এমন উচ্চতায় পৌঁছেছেন, যা আমাদের সমাজের জন্য একটি অনন্য অনুপ্রেরণা।”
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবের সূচনায় বলা হয়, “তার অধ্যবসায়, বিনয়, কাজের ক্ষেত্রে শৈল্পিক ও নৈতিক আচরণ এবং একইসঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করার প্রতি তার অঙ্গীকারের এক অনন্য দৃষ্টান্ত - যে মূল্যবোধগুলো এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসজুড়ে সব সময় প্রচার করে আসছে।”
প্রস্তাবে আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্যও তুলে ধরা হয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, “এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়। এটি ইউবিএর পক্ষ থেকে সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন ও শ্রদ্ধাঞ্জলি।”



